শিরোনাম ::
শিরোনাম ::

সবচেয়ে ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

দেশের ইতিহাসের অন্যতম দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি, বিভাজিত জনপ্রশাসন এবং অবনতিশীল আইনশৃঙ্খলার প্রেক্ষাপটে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের ভার নিয়েই সরকারের পথচলা শুরু হয়েছে, তবে এই পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে সরকার।

রোববার (৩ মে) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অতীতের শাসনামলে দুর্নীতি ও লুটপাটের কারণে রাষ্ট্র ও জনগণ ঋণের ভারে জর্জরিত হয়েছে। দেশকে আমদানিনির্ভর অর্থনীতিতে ঠেলে দেওয়া হয়েছে, যার ফলে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি।

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, জনপ্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সততা, মেধা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং প্রশাসনিক কাঠামোয় জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জনপ্রশাসনের কর্মকর্তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা প্রমাণ করেছে প্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

প্রশাসনের বিভিন্ন পদ সম্পর্কে তিনি বলেন, প্রতিটি পদই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। শুধুমাত্র পদোন্নতি বা পছন্দের স্থানে পোস্টিং পাওয়ার জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করলে তা সামগ্রিক প্রশাসনিক দক্ষতা ও নিরপেক্ষতাকে ক্ষতিগ্রস্ত করে। তাই কর্মকর্তাদের যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

পদায়নসংক্রান্ত দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট পদে থাকার আগ্রহ এবং পছন্দের পোস্টিং পাওয়ার প্রবণতা প্রশাসনকে দুর্নীতিপরায়ণ করে তুলতে পারে। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, দেশের যেকোনো স্থানে যেকোনো দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকতে।

তিনি বলেন, জনপ্রশাসনের কর্মকর্তারা যদি রাষ্ট্রের প্রয়োজনে যেকোনো সময় যেকোনো স্থানে দায়িত্ব নিতে প্রস্তুত থাকেন, তবে প্রশাসনে পেশাদারিত্ব আরও সুসংহত হবে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জনগণ সরকারের কার্যক্রমে তাদের প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা সরকারের নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেন এবং তাদের সততা ও দক্ষতার ওপরই অনেকাংশে সরকারের সাফল্য নির্ভর করে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন